গত ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের পর দেশে ফিরে আসেন বাংলাদেশের ফুটবলাররা। আর হেড কোচ জেমি ডে চলে যান তার নিজ দেশে। এক মাসেরও বেশি সময় ছুটি কাটিয়ে গতকাল ঢাকায় ফিরেছেন বাংলাদেশ কোচ।
যুক্তরাজ্যে থেকে আগত যে কোনো ব্যক্তিকই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। তাই কোয়ারেন্টাইন পর্ব শেষ করেই কাজে যোগ দেবেন জেমি।
জেমি আসার আগেই গত ২২ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হয় বাংলাদেশের ফুটবল মৌসুম। বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হওয়ার দুই দিন পরই শুরু হয় প্রিমিয়ার লিগ। তার মাধ্যমেই জাতীয় দলের ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু করবেন জেমি।
ঢাকায় ফিরে জেমি বলেন, ‘এখন আমাকে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমি স্টেডিয়ামে গিয়ে লিগের ম্যাচ দেখব। ফেব্রুয়ারিতে শুরু করব জাতীয় দলের ক্যাম্প। আমাদের বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে। তার জন্য প্রস্তুতি নিতে হবে।’
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্চ ও জুনে। তিনটি ম্যাচই ঘরের মাটিতে খেলবে জামাল ভূইয়ারা। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান (২৫ মার্চ), ভারত (৭ জুন) ও ওমান (১৫ জুন)।
