গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে বসেছে মাছের মেলা। গতকাল উপজেলার জাঙ্গালীয়া, মোক্তারপুর ও জামালপুর ইউনিয়নের ত্রি-মোহনার বিনিরাইল গ্রামের বিরাট এলাকাজুড়ে মাছের পসরা সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। প্রায় ২৫০ বছরের পুরোনো এই মেলা প্রতি বছর হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। মূূলত এটা মাছের মেলা হলেও সবাই এটাকে জামাই মেলা বলে।
দেশের বিভিন্ন জায়গার মাছ বিক্রেতারা এখানে মাছ বিক্রির জন্য ছুটে আসেন। তারা নানা অঙ্গভঙ্গি করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। কেউ কেউ বড় আকৃতির মাছ ওপরে তুলে ধরে ক্রেতাদের ডাকেন। ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কতো বেশি ওজনের বা বড় মাছ মেলায় আনতে পারেন। অন্যদিকে স্থানীয় জামাই-শ্বশুরদের মধ্যেও চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। এই মেলায় মাছের সঙ্গে অন্য পণ্যেরও আমদানি হয়। মেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি কাজ করে স্থানীয়রাও।
মেলায় আসা কয়েক জন ক্রেতা জানান, মেলায় প্রচুর দেশি রুই, কাতল, বোয়াল, আইড়, বাঘাইর, চিতল, কালবাউশ ও রিটা মাছের সমাগম হয়। এছাড়া কার্প জাতীয় মাছের আমদানি হয়। এক কেজি থেকে শুরু করে ২০ কেজি পর্যন্ত ওজনের এসব মাছের দাম হাঁকা হয় ৪০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত। বিক্রিও হয় প্রচুর। সামর্থ অনুযায়ী ক্রেতারা এসব মাছ কিনেন। তবে বড় মাছ কেনার জন্য বিনিরাইলের মাছের মেলাই সবচেয়ে উত্তম জায়গা।
আয়োজক কমিটি জানান, মেলাকে ঘিরে বিনিরাইলের পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিরাজ করে উত্সবের আমেজ। মেলা উপলক্ষ্যে মেয়ে-জামাইকে দাওয়াত করে আনা এই এলাকার মানুষের রীতিতে পরিণত হয়েছে। স্থানীয় জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, ব্রিটিশ শাসনামল থেকে শুরু হওয়া বিনিরাইলের মাছের মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। এ মেলা গাজীপুর জেলার সবচেয়ে বড় মাছের মেলা হিসেবে স্বীকৃত।
