সাভারের আশুলিয়ায় চালককে নৃশংসভাবে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইচাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মোফাজ্জল হোসেন (৪০)। তিনি নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে বাসা থেকে ইজিবাইক নিয়ে বের হন মোফাজ্জল। পরে সকাল ৮টার দিকে কাইচাবাড়ি এলাকার একটি সড়কে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সাভার মড়েল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকের জন্য তাকে হত্যা করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।
