ফেসবুকে ভুয়া অডিও ক্লিপ, গ্রেফতার ২

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অডিও ক্লিপ তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন— আসলাম নাজির ওরফে আসলামুল হক আসলাম (৩৮) ও রাজিবুল ইসলাম রিয়াজ (৩৩)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মুগদা থানা এলাকা হতে গ্রেফতার করার পর বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা পারস্পারিক যোগসাজসে প্রতিপক্ষকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভুয়া অডিও ক্লিপ তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ তাদের নিজস্ব ওয়েব পোর্টালে প্রচার করে । যার ফলে ভিকটিম সামাজিক, মানসিক, ব্যাবসায়িক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে মুগদা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।