সাংগঠনিক কার্যক্রম স্থগিত নয়, জোরদারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা -----------ওবায়দুল কাদের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কোনো কোনো পত্রিকায় বলা হয়েছে দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একথা ঠিক নয়। প্রকৃতপক্ষে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক সমস্যা নিরসনে আটটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনার পাশাপাশি সবপর্যায়ে সম্মেলনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের কার্যক্রম শুরুরও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সরকারের কল্যাণমূলক প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে। করোনা ভ্যাকসিন নিয়ে অপরাজনীতির প্রয়াস চলছে। করোনার শুরুতে যারা                  ব্যাপক অপপ্রচার চালিয়েছিল, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে টিকা নিয়ে। দেশে করোনার সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিত্সা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন-জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহান স্রষ্টার রহমত ও প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্ব আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। যদিও প্রতিটি মৃত্যুই বেদনার, একটি মৃত্যুও কাম্য নয়। তিনি বলেন, করোনার টিকা সরকার এতো ত্বরিতগতিতে ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলেই বিএনপির আজ গাত্রদাহ হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ইতিপূর্বে স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মনোনয়ন দেওয়া হচ্ছে না বা হবে না। এ বিষয়ে দলীয় সভানেত্রী ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। স্থানীয় সরকার নির্বাচনে কোনো কোনো দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধির দলের বিদ্রোহী প্রার্থীকে মদত দেওয়ার অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে মনোনয়ন এবং গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তির জন্য সংশ্লিষ্টদের দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। অন্যথায় সংগঠনবিরোধী কাজ ক্ষমার অযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।