গত ২৫ দিনে আরো ২৫ হাজার রোগী শনাক্ত হওয়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সোয়া ৫ লাখ ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৮১৩ রোগী শনাক্ত হয়েছে দেশে; তাতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে। আর গত এক দিনে এ ভাইরাসে আরো ১৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৮৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৯৯টি ল্যাবে ১৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ১৮ হাজার ১১৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৯০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ৯০ হাজার ১৩৩টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৭ লাখ ২৭ হাজার ৯৮১টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১১ জন পুরুষ আর নারী পাঁচ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। ৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট দুই জন বরিশাল ও সিলেট বিভাগের।
