জন্মনিবন্ধন সনদের ক্ষেত্রে আঙুলের ছাপ কেন নয় :হাইকোর্ট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫৫

জন্ম নিবন্ধন সনদের ক্ষেত্রে দেশের সব নাগরিকের আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি (আই কন্ট্যাক্ট) নেওয়া বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের আইজিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

বেওয়ারিশ লাশের পরিচয় জানা, দ্রুত অপরাধী শনাক্ত করা ও নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে নাগরিকের আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া নামে এক ব্যক্তি। রিটকারি নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।          আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, সাধারণত তিন বছর বয়সের আগে মানুষের আঙুলের ছাপ পাওয়া যায় না। আঙুলের ছাপ উঠলে তখন নতুন করে জন্ম সনদ দেওয়া যেতে পারে।