বিজ্ঞান ও প্রযুক্তি যেদিকে যাচ্ছে তাতে আগামীতে গাড়ির ড্রাইভার বা চালক বলে কিছু থাকবে না বলে মনে হচ্ছে! কারণ চালকবিহীন মোটরবাইক, প্রাইভেট কার, হেলিকপ্টার এর পর উদেভ নামের একটি কোম্পানি তৈরি করেছে পণ্যবাহী ট্রাক। অন্য ট্রাকের সঙ্গে এর পার্থক্য, মালবোঝাই অবস্থায় এটি রাস্তা দিয়ে নিজেই চলবে। কোনো মানুষ চালক না থাকলে সমস্যা নেই। তাই এখন যারা গাড়ি চালানোর প্রশিক্ষণের পেছনে সময় ‘নষ্ট’ করছেন তাদের বিকল্প পেশার চিন্তাও করে রাখতে বলেছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠান উদেভ ঘোষণা করেছে, পরীক্ষামূলকভাবে সারপ্রাইজ ও এরিজোনা অঞ্চলের সব ওয়ালমার্ট শো-রুমের জন্য পণ্য পরিবহন করবে তাদের চালকবিহীন ট্রাক। এতে ড্রাইভারের বেতন বাবদ হওয়া খরচটা বেঁচে যাবে। প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত সহায়তা নিয়েছে চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইদুর কাছ থেকে। বাইদুর তৈরি করা স্বচালিত ড্রাইভিং প্ল্যাটফর্ম এপোলো ব্যবহার করে রাস্তায় চলবে উদেভ। বাণিজ্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধের মধ্যেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি বাইদুর সঙ্গে হাত মেলানোর কথা প্রকাশ্যে ঘোষণা করল।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়া ছাড়াও সান ম্যাটেও, টেক্সাস, হাউস্টনে ওয়ালমার্টের বাইরে আরো কয়েকটি প্রতিষ্ঠান তাদের চালকবিহীন ট্রাক ব্যবহার করবে।
