বদিকে পিতা দাবির মামলার শুনানি হয়নি, হতাশ বাদী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫৭

উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের ‘পিতা’ দাবি করে এক যুবকের দায়ের করা মামলার দিন ধার্য থাকলেও শুনানি অনুষ্ঠিত হয়নি। মামলায় জারি করা সমনের চিঠি আদালতে ফেরত না আসায় শুনানি অনুষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন বাদী পক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। মামলার মূল আসামি বদিও আদালতে উপস্থিত ছিলেন না। গতকাল বৃহস্পতিবার এ মামলার শুনানির দিন ধার্য ছিল।

বাদীর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী জানান, যেহেতু সমন ফেরত আসেনি, তাই আসামি সময় পেয়েছেন। এটি ফেরত আসার পর আদালতের পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তবে বদি আদালতে উপস্থিত না হলেও উপস্থিত ছিলেন বাদী মো. ইসহাক ও তার মা, বদির প্রথম স্ত্রী দাবিদার সুফিয়া খাতুন। মোহাম্মদ ইসহাক সাংবাদিকদের বলেন,      মামলা দায়েরের পর থেকে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। এরপরও আমার বাবাকে সামনাসামনি দেখব বলে বুকভরা আশা নিয়ে আদালতে উপস্থিত হয়েছিলাম।  কিন্তু তিনি না আসায় আমি হতাশ। তিনি আরো বলেন, ওনার কাছ থেকে আমি সহায়-সম্পদ চাই না। আমি শুধু আমার পিতৃ পরিচয় ও পিতার অধিকার চাই। আমি জন্মদাতাকে (বদিকে) বাবা ডেকে মনের অস্থিরতা কাটাতে চাই।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়সি যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন।