সিরাজুল আলম খানের চিকিত্সায় বোর্ড গঠন সিটিস্ক্যান করা হয়েছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫৮

রাজনীতির রহস্যপুরুষ খ্যাত সিরাজুল আলম খান অসুস্থ। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে রাত ৯টার দিকে প্রথমে তাকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকদের পরামর্শে রাত ১২টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যালে।

সিরাজুল আলম খানের ঘনিষ্ঠজন মোশারেফ এইচ মন্টু গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে তার রক্তচাপ ওঠানামা করে। ঢাকা মেডিক্যালে নেওয়ার পর গতকাল সকাল থেকে তার বিভিন্ন পরীক্ষা করা হয়। চিকিত্সকদের পরামর্শে তার করোনা পরীক্ষার জন্যও নমুনা নেওয়া হয়েছে। গতকাল রাতে সিটি স্ক্যান করা হয়। এর আগে দুপুরে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সব মিলিয়ে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা। ঢাকা মেডিক্যালের মেডেসিন বিভাগের প্রধান প্রফেসর মো. মোজাফফর হোসেনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০৬ সালে লন্ডনের হাসপাতালে সিরাজুল আলম খানের বাইপাস সার্জারি করা হয়েছিল। বিদেশে তার হিপজয়েন্ট পুনঃস্থাপন করা হয়। হার্টে সমস্যা ও ব্যাকপেইনসহ নানা রোগে ভুগছেন প্রবীণ এই রাজনীতিবিদ।

সিরাজুল আলম খান বাঙালির ‘জাতীয় রাষ্ট্র’ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন এবং ‘সিপাহী জনতার গণ-অভ্যুত্থান’-এর নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন তিনি। তাকে বলা হয় বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ। বিদেশে বসবাসের পাশাপাশি প্রায়ই দেশে এলে নির্দিষ্ট কিছু স্থানে তার বিচরণ দেখা যায়। তবে কয়েক বছর ধরে তিনি প্রায় লোকচক্ষুর আড়ালে।