কয়লা আত্মসাতের মামলা

বড়পুকুরিয়ার সাবেক ছয় এমডিসহ ২২ কর্মকর্তা জামিনে মুক্ত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫৮

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ১ লাখ ৪৩ হাজার ৭২৭ মেট্রিক টন কয়লা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কোম্পানির সাবেক ছয় ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ কর্মকর্তার জামিন বহাল রেখেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা কারাগার থেকে ঐ ২২ কর্মকর্তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার।

গত বুধবার মামলার নির্ধারিত তারিখে ঐ ২২ জন কর্মকর্তা দিনাজপুরের স্পেশাল জজ মো. মাহমুদুল করীমের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে জামিন বাতিল করার পর উচ্চ আদালতে করা জামিন আবেদন পেন্ডিং থাকায় পরবর্তী সময়ে ঐ ২২ আসামির জামিন আবারও বহাল রাখে একই আদালত। কিন্তু জামিন বহাল রাখার আদেশ কারাগারে পৌঁছানোর আগেই আসামিদের হাজতে নেওয়ায় গত বুধবার কারাগার থেকে মুক্তি পাননি তারা।  এ বিষয়ে জেলার ফরিদুর রহমান রুবেল জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঐ ২২ আসামির জামিন বহালের আদেশ আদালত থেকে আসে। পরে গতকাল  সকাল ৯টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।