কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২৩:০৪

কুমিল্লায় ৪ দফা দাবি আদায়ে সরকারি ও বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধে করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ফোর লেন মহাসড়কের দুই পাশে আটকা পড়ে হাজার হাজার যাত্রীবাহী দূরপাল্লার বাস ও মালবাহী বাহন। এতে বিভিন্ন পরিবহনের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, করোণাকালীন সময়ে স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোকে অটোপাস এবং তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাসে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়াসহ ৪ দফা দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঘণ্টাব্যাপী মহাসড়কে অবরোধ করে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা ও কুমিল্লা হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনে অংশ নেন কুমিল্লার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন ও সিপিপিআই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত পাল বলেন, হঠাত্ করে শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মহাসড়কে অবরোধ করেন। আমরা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষকদের সঙ্গে আলাপ করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।