খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ ধর্ষক গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২৩:০৪

জামালপুরে আট বছর বয়সি এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক ফরহাদ আলী সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।

ধর্ষণের শিকার ঐ শিশুর ভাবি জানান, ঐদিন দুপুরে প্রতিবেশী বখাটে ফরহাদ আলী তার আট বছর বয়সি ননদকে খাবার কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে দূরে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে একটি কলাবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে লম্পট ফরহাদ আলী। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়। পরে ধর্ষণের ঘটনা জানাজানি হলে ধর্ষক ফরহাদ আলী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, অভিযুক্ত ফরহাদ আলীকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।