ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (প্যারেড) অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে বাংলাদেশের ১২২ জন গর্বিত সেনার দল বিশেষ আইএএফ সি-১৭ প্লেনে ভারতে গেছে। দলটি আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘটনাকে দুই দেশের সম্পর্কের সাক্ষ্য বলে মন্তব্য করেছেন। যে সম্পর্ক পারস্পারিক আত্মত্যাগের ভিত্তিতে অগ্রসর হয়েছে।
মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তব গতকাল বৃহস্পতিবার বলেন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (প্যারেড) অংশ নেওয়ার বিষয়ে ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ভারত সফরে রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২১ সাল দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ঐতিহাসিক বছর। এটি বাংলাদেশের ৫০তম স্বাধীনতা ও ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির। আমরা বেশ কিছু কর্মসূচি একসঙ্গে উদ্যাপন করব।
এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় বলা হয়, ভারতের ইতিহাসে তৃতীবারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সঙ্গে রাজপথে একসঙ্গে মার্চ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছেন। এ কুচকাওয়াজ আগামী ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরে আসবে।
