রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউনিয়নের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন (৩৮) ও সহসভাপতি আব্দুল করিম মিয়া (৪৮) নিহত হয়েছেন। গতকাল রূপগঞ্জের ভুলতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোবারক ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ গ্রামের এবং আব্দুল করিম সোনাবো এলাকার বাসিন্দা। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। চালক আহ্সান উল্লাহ কুমিল্লাহ জেলার নাঙ্গলকোট থানার কাঠের তলা এলাকার ও হেলপার সিয়াম ভোলা জেলার বোরহানউদ্দিন থানার টুরালিয়ার বাসিন্দা।
গাংনী (মেহেরপুর) : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নির্মাণশ্রমিক মোলায়েম হোসেন (৪৫) নিহত হয়েছেন। গতকাল গাংনীর চেংগাড়া বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। মোলায়েম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাব্বির রহমান আশিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল পলাশবাড়ী উপজেলা সদরের পৌর শহরের মোহাম্মদী মসজিদ সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
