সাকরাইন ও পৌষ সংক্রান্তি ঘুড়ি উত্সবে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০০:৩৯

ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সাকরাইন ও পৌষসংক্রান্তিতে ঘুড়ি উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বকশিবাজারের একটি ছাদে ঘড়ি উত্সবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মিলারের ছেলে এন্ড্রিও। ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি শুকুর সালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নেন, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বক্স, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাকিব সালেক, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ, ঢাকাবাসীর উপদেষ্টা আলাউদ্দিন মালিক, আজফারুজ্জামান সোহরাব ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সদস্য মো. আকাশ।

বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঘুড়ি উড়ানোর পাশাপাশি ফানুস উড়ানো, ডাক ও বিন বাজনার আয়োজন, কাওয়ালি গানের আসর, ঢাকার ঐতিহ্যবাহী লাইটিং প্রদর্শনী, ঢাকার লোকজ সংস্কৃতির আসরের আয়োজন করা হয়। এছাড়া দিনের অন্য কর্মসূচির মধ্যে ঘুড়ি খেলোয়াড়দের সংবর্ধনা ও ঘুড়ি তৈরি প্রতিযোগিতার আয়োজন। শনিবার জানুয়ারি পর্যন্ত এই উত্সব চলবে। উল্লেখ্য যে, ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ১৯৯০ সাল থেকে নিয়মিত পুরোনো ঢাকায় এই পৌষসংক্রান্তির আয়োজন করে আসছে।