রূপগঞ্জে নারী শ্রমিক লালমনিরহাটে কিশোরী ধর্ষণের শিকার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০০:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারী শ্রমিক এবং লালমনিরহাটে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার তারাবো পৌরসভার এক তেল মিলের নারী শ্রমিক (১৬) গত মঙ্গলবার ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ধর্ষক রাব্বি মিয়া ও তার খালাকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রাব্বি মিয়ার বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার মাছুমপুর এলাকায়। সে তারাবো দক্ষিণপাড়া বালুরমাঠ এলাকার আব্দুল হাইয়ের বাড়ির ভাড়াটিয়া।

 পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাব্বি মিয়া ও তার সহযোগীরা ঐ নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নেয়। পরে মেয়েটিকে তারা নারায়ণগঞ্জ বন্দর থানার কেওঢালা গ্রামে রাব্বি মিয়ার খালা নাজমা বেগমের বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে রাব্বি মিয়া মেয়েটিকে রাতভর ধর্ষণ করে। পরদিন বুধবার মেয়েটির পরিবারের লোকজন তাকে নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোলপ্লাজা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নির্মল চন্দ্র রায় ও আতিকুল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্বদালালপাড়া তিস্তা টোলপ্লাজা আফজালনগর এলাকায় রিপনের গুদাম ঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি জানায়, তাদের প্রতিবেশী নির্মল চন্দ্র রায় তাকে তিস্তা ব্রিজ দেখানোর কথা বলে মোবাইলে ডেকে আনে এবং সে ও আতিকুল মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় গতকাল বিকালে ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি শাহ আলম জানান, তারা ভিকটিমের কাছ থেকে প্রাপ্ত তথ্য পরীক্ষানিরীক্ষা করে দেখছেন।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামান জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।