প্রচার-প্রচারণা শেষ, ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০০:৪০

আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে সাভার পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণা গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়ামহল্লা মিছিল, স্লোগানমুখর থাকলেও এখন শুধুই ভোটগ্রহণের অপেক্ষা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাজী মো. আবদুল গণি নৌকা প্রতীকে ব্যাপক গণসংযোগ করে বেড়িয়েছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি মেয়র থাকাকালীন পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ করেছি। পাড়ায় পাড়ায় রাস্তা ও ড্রেন হয়েছে। জলাবদ্ধতা কমেছে। মেয়র হিসেবে করোনাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. রেফাত উল্লাহর পক্ষে দলীয় নেতাকর্মীদের তেমন একটা প্রচারণায় দেখা যায়নি। পোস্টার, ব্যানার, মাইকিংও তেমন চোখে পড়েনি। এ ব্যাপারে বিএনপির মেয়র প্রার্থী রেফাত উল্লাহ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা আমার প্রচারণায় বাঁধা দিয়েছে। তাই আমার নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালাতে পারেনি।

একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়িয়েছেন কাউন্সিলর ও মহিলা প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নজরুল ইসলাম মোল্লা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

সাভার পৌর নির্বাচনের সহকারী রিটার্রিং কর্মকর্তা মো. ফখর উদ্দিন শিকদার বলেন, আগামীকাল ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে সাভার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৯৩ হাজার ৫০১ জন। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।