রাজধানীর রমনা থানার মগবাজার থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কবির হোসেন (৩৫)। তার হেফাজতে থাকা ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল ডিএমপি মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার ৮টা ১৫ মিনিটে মগবাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে রাজধানীতে নিয়ে আসত। এরপর এই গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। রমনা থানায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে ৩০৮ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের কাছ থেকে এসব মাদক উদ্ধার ও মো. হাফিজুর রহমান (৩৪) ও মো. রাকিবুল হাসানকে (২১) আটক এবং মাদক বহনের কাজে ব্যবহূত একটি ট্রাক জব্দ করা করা হয়। র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ফেনসিডিলের একটি বড় চালান দিনাজপুর হতে গাজীপুরের দিকে আসার খবর পেয়ে র্যাব কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল সড়কে অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ঐসব মাদক উদ্ধার করা হয়।
