বিনোদন রিপোর্ট
নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন বলিউডের শ্যাম বেনেগাল। চলচ্চিত্রটিতে কাজের সুযোগ পাওয়া একঝাঁক শিল্পী শুটিংয়ে অংশ নিতে মুম্বাইয়ের উদ্দেশ্যে এ মাসেই দেশ ত্যাগ করবেন। সেই দলে থাকছেন শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের পুত্র দিব্য জ্যোতি। বায়োপিকটিতে কিশোর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন তিনি। এমন একটি চলচ্চিত্রে কাজের সুযোগ পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত দিব্য। দিব্য বলেন, ‘ছোটবেলায় বাবা-মায়ের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা গল্প শুনেছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে আমি অভিনয় করবো, এটা ভাবতেই মনে হচ্ছে ঘোরের মধ্যে আছি। আমি বঙ্গবন্ধুর কিশোর বয়সের চরিত্রে অভিনয় করছি। আমার জীবনে এর চেয়ে সৌভাগের আর কিছু নেই।’
কিছুদির আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রীসহ কলাকৌশলীদের গণভবনের ডাকেন। সেখানে তিনি তাদের নানা বিষয়ে দিক-নিদের্শনা প্রদান করেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা কিশোর বঙ্গবন্ধুর নানা বিষয়ে তাকে অবহিত করেন বলে জানান দিব্য। দিব্য বলেন, ‘এমনিতেও এ ধরনের কাজ করা চ্যালেঞ্জের, তার ওপর বঙ্গবন্ধুর কিশোর বয়সের কিছু স্থিরচিত্র থাকলেও সে রকম কোনো তথ্যচিত্র নেই। তবে প্রধানমন্ত্রী ও তার বোনের সঙ্গে দেখা হওয়ায় অনেককিছু জানতে পেরেছি, যা আমার অভিনয়ের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। তিনি তার বাবার কিশোর বয়সের নানা ঘটনা, চারিত্রিক বৈশিষ্ট্য, মা-বাবার সঙ্গে তার সম্পর্ক, তিনি কীভাবে হাঁটতেন, চলতেন—এমন বিভিন্ন বিষয়ে আমাকে জানিয়েছেন। অভিনয়ের সময় এই বিষয়গুলো খুবই কাজে দেবে।’ এছাড়া দিব্য জানান, কিশোর বয়সের বঙ্গবন্ধু চরিত্রে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে একটি বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেককিছু জানার পাশাপাশি চরিত্রটি নিজের সঙ্গে মিলিয়ে নিতে অনেকটা সহায়তা করেছে।
উল্লেখ্য, দিব্যর শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু হয় ২০১৪ সালে ‘সন্তান’ নাটকের মাধ্যমে। এরপর বেশ কয়েকটি নাটক ও ‘নকশিকাঁথার জমিন’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেন তিনি।
