গাঙকুমারী চলচ্চিত্রে ইশতিয়াক রুপুর গান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২০:০৭

বিনোদন রিপোর্ট

 

নিউইয়র্ক অভিবাসী জনপ্রিয় লেখক ও গীতিকার ইশতিয়াক রুপুর লেখা গান প্রথমবারের মতো চলচ্চিত্রের জন্য গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী ঐশী ফাতিমা তুয যাহরা। সরকারি অনুদানপ্রাপ্ত নির্মাণাধীন চলচ্চিত্র ‘গাঙকুমারী’র জন্য গানটি তৈরি করা হয়েছে। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন সাধনা আহমেদ এবং পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে সঙ্গী করে জাতীয় অনুদানে ছবিটি নির্মিত হচ্ছে। হাওড়ের প্রান্তিক মানুষের জীবনচিত্র, ক্ষমতার দ্বন্দ্ব, দখলদারিত্ব, একটি মেয়ের সাহসিকতা, প্রেম, অসহায়ত্ব, এবং জয়ী হয়ে ওঠার ভ্রমণ ছবিটির গল্পে উঠে আসবে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার মাকসুদ জামিল মিন্টু।

উল্লেখ্য, ‘রুপান্তরের গল্প’ খ্যাত ইশতিয়াক রুপুর লেখা গান দেশের বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পী এরইমধ্যে গেয়েছেন। জীবনধর্মী লেখার মাধ্যমে ইশতিয়াক রুপু দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন। তার লেখা গানের একটি পাণ্ডুলিপিসহ কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।