মো. কবির হোসেন (সুজন)
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। আশা করি বৈশ্বিক মহামারিতেও তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক: প্রতিষ্ঠানের পরিকল্পনা বিভাগ পরিকল্পনা তত্ত্বাবধায়কে তার চাহিদা মতো বেতন দিতে না পারায় তিনি হঠাত্ করে চাকরি ছেড়ে দেন। এই পর্যায়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সমস্যা অনুধাবন করেছেন বিধায় প্রতিষ্ঠানের সামনে একাধিক বিকল্প থাকায় নতুন সিদ্ধান্তের প্রশ্ন এসে যায়। তাই ্আপাতত একজন সহকারী পরিকল্পনা তত্ত্বাবধায়কে পরিকল্পনা তত্ত্বাবধায়কের দায়িত্ব প্রদান করা হয়। প্রতিষ্ঠানের এই বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি পরিকল্পনা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন বলে প্রাতিষ্ঠানিক পরিপত্রে উল্লেখ করা হয়।
ক) ব্যবস্থাপকের দক্ষতা কী?
খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের দৃষ্টিকোণ হতে এটি কোন ধরনের ধারণা? আলোচনা করো।
ঘ) উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে পরিকল্পনা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন কোন ধরনের পরিকল্পনা হতে পারে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর:ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে, সঠিক সময়ে ও স্বল্প ব্যয়ে সম্পাদন করাকে ব্যবস্থাপকীয় দক্ষতা বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিকতা পরিহার করে বিজ্ঞান বা পরীক্ষা নিরীক্ষা ও বিচার বিশ্লেষণের আলোকে সংঘবদ্ধ জ্ঞানের প্রয়োগকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলা হয়।
টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এই ব্যবস্থাপনায় বেশ কিছু আদর্শ রয়েছে। আদর্শ সমূহের মধ্যে রয়েছে টিপসহি পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন, প্রশিক্ষণদান , সৌহার্দ্যপূর্ণ শ্রমব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুষ্ঠু বণ্টন। টেইলর এই গবেষণার মাধ্যমে কার্যক্ষেত্রে পদ্ধতিগত উন্নয়নের উপর জোর দেন। অর্থাত্ ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ ঘটাতে চান।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:উপরের উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের দৃষ্টিকোণ হতে এটি সিদ্ধান্ত গ্রহণের ধারণা।
যে কোনো সমস্যা সমাধান বা কর্মপন্থা গ্রহণে যে ক্ষেত্রে একাধিক উপায় বা বিকল্প থাকে সেক্ষেত্রে সর্বোত্তম বিকল্প বাছাইকরণকেই সিদ্ধান্ত গ্রহণ বলা হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানে পরিকল্পনা তত্ত্বাবধায়ক তার চাহিদা মতো বেতন দিতে না পারায় তিনি চাকরি ছেড়ে দেন। এতে প্রতিষ্ঠানের হঠাত্ করে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একাধিক বিকল্প সামনে এসে যায়। একটি হলো তড়িত্ গতিতে নতুন পরিকল্পনা তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া অন্যটি প্রতিষ্ঠানের মধ্য থেকে কাউকে উক্ত পদে পদোন্নতি বা নিয়োগ দেয়া। উভয়ই সময়ের ব্যাপার বিধায় এবং কার্যের শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠানে উক্ত বিভাগের সহকারী পরিকল্পনা তত্ত্বাবধায়ক পরিকল্পনা তত্ত্বাবধায়কের দায়িত্ব প্রদান করেন। একাধিক বিকল্প থেকে এই বিকল্পটি বেছে নেয়া সিদ্ধান্ত গ্রহণ ধারণা।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর:উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে পরিকল্পনা তত্ত্বাবধায়কে দায়িত্ব পালন একার্থক পরিকল্পনা।
যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধুমাত্র একবার ব্যবহারের জন্য বা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলা হয়।
পরিকল্পনা তত্ত্বাবধায়কের দায়িত্ব প্রদান প্রতিষ্ঠানের এই বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিকল্পনা তত্ত্বাবধায়কের দায়িত্ব প্রদান একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং সংক্ষিপ্ত সময়ের জন্য। একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য বা একটি সুনির্দিষ্ট সময় বা সংক্ষিপ্ত সময়ের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বিধায় একে একার্থক পরিকল্পনা বলা যায়। প্রধানত যে সকল কার্যক্ষেত্রে অবস্থার দ্রুত পরিবর্তন হয় তাকে একার্থক পরিকল্পনা বলা হয়।
উদ্দীপকে বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য সমসাময়িক এই ধরনের পরিকল্পনা নেয়া হয়। এই পরিকল্পনার আওতায় বড় ধরনের যে পরিকল্পনা গৃহীত হয় তাকে কর্মসূচি এবং কর্মসূচির আওতায় যে ছোট ছোট পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে প্রকল্প বলা হয়। তথাপিও স্থায়ী পরিকল্পনা বাস্তবায়নে যে সুবিধার সৃষ্টি হয় এক্ষেত্রে এটি কম সুবিধা ভোগ করে থাকেন।
