খুলনা অফিস
খুলনায় শুক্রবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নগরীর জিরোপয়েন্ট এলাকার খুলনা-সাতক্ষীরা সড়কের শিকদার পেট্রোল প্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—নগরীর মাহমুদুল হাসান আশিক (১৬) ও উত্তম কুমার সিনহা ওরফে পাখি (৩২)। হরিণঘাটনা থানার ওসি এনামুল হক জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কমলগঞ্জে আহত ৫
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া এলাকায় শুক্রবার সকালে পুলিশের একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোর সংঘর্ষে সিএনজি অটোর নারীসহ পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিত্সাসেবার দিকে নজর রাখা হচ্ছে।
