স্পোর্টস রিপোর্টার
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টিম হোটেলে বোলিং কোচ ওটিস গিবসনের জিম করার একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাসকিন আহমেদ। গতকাল ঠিক একই সময়ে হোটেলের জিমে ফিটনেসের কাজ করা অবস্থায় মুঠোফোনে পাওয়া গেল এই ফাস্ট বোলারকে। আজ বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার জন্য প্রস্তুত তাসকিন। গত সপ্তাহে অনুশীলনের সময় বাঁ হাতে পাওয়া ব্যথা কাটিয়ে বোলিংয়ে ফেরার অপেক্ষায় তিনি।
জাতীয় দলের নির্বাচকরাও কার্যত আজকের ম্যাচটার অপেক্ষায় আছেন। বিকেএসপিতে আজ বল হাতে তাসকিনকে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল নির্বাচনের কাজ অনেকটাই সেরে ফেলেছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। তাসকিনকে নিয়ে সিদ্ধান্ত হয়ে গেলে আজ দুপুরের পরই বাংলাদেশ দল ঘোষণা হতে পারে।
গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, উইন্ডিজদের বিরুদ্ধে হোম সিরিজে ওয়ানডে দলটা হতে পারে ১৮ সদস্যের। করোনাকাল, জৈব সুরক্ষাবলয় চিন্তা করেই স্কোয়াডটা ১৬-১৮ জন করা হচ্ছে। যেখানে ৬ পেসার সুযোগ পেতে পারেন। তার মধ্যে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদের থাকা প্রায় নিশ্চিত। অভিজ্ঞ আল-আমিন হোসেন, রুবেল হোসেনও টিকে যেতে পারেন।
ষষ্ঠ পেসার হিসেবে গত বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো করা শরীফুল ইসলাম ভালোভাবেই নির্বাচকদের চিন্তায় আছেন। যুব বিশ্বকাপ জয়ী দলের বাঁহাতি এই পেসার বঙ্গবন্ধু টি-২০ কাপেও ভালো করেছেন। তবে তাসকিন আজ নিজেকে ফিট প্রমাণ করতে পারলে ভিন্ন কথা। তখন ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পাওয়ার অপেক্ষা বাড়তে পারে তরুণ শরীফুলের জন্য।
একটা সময় ওয়ানডে দলের নিয়মিতই ছিলেন তাসকিন। ২০১৭ সালে শেষ ওয়ানডে খেলেছেন তিনি। ২৫ বছর বয়সি এই পেসার এখন ওয়ানডে দলে ফিরতে মুখিয়ে আছেন। আজ ফিটনেস ও বোলিং পরীক্ষা উতরে গেলে আবারও প্রিয় ফরম্যাটে খেলার সুযোগ পেতে পারেন তিনি।
ওয়ানডের প্রাথমিক দলে রাখা হয়েছিল ২৪ ক্রিকেটারকে। ইনজুরিতে ছিটকে পড়েন পারভেজ হোসেন ইমন। ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক তামিম, সাকিব, শান্ত, মুশফিক, মিঠুন, লিটন, মাহমুদউল্লাহ, সৌম্যদের জায়গা পাকাই বলা চলে। তাইজুল, মিরাজ, মোসাদ্দেকরাও হয়তো এ যাত্রা ওয়ানডে দলে টিকে যাচ্ছেন। গতকাল বিসিবি সূত্র জানায়, প্রথমবার সুযোগ পেতে পারেন আফিফ হোসেন ধ্রুব। সম্ভাবনাময় এই তরুণ অলরাউন্ডারকে ওয়ানডে দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
