ওয়ালশ জুনিয়র করোনা আক্রান্ত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:২৬

স্পোর্টস রিপোর্টার

করোনা আক্রান্ত হওয়ায় রোমারিও শেফার্ডকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন কিওন হার্ডিং। বাংলাদেশে আসার পরও উইন্ডিজ শিবিরে হানা দিয়েছে করোনা ভাইরাস। ঢাকায় করোনা আক্রান্ত হয়েছেন লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। বাংলাদেশে এসে এই প্রথম কোনো ক্যারিবিয়ান ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হলেন। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।

ঢাকায় এসে প্রথমবার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছিলেন ওয়ালশ জুনিয়র। গত ১৩ জানুয়ারি দ্বিতীয়বার পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে তার। তবে কোনো উপসর্গ নেই তার শরীরে। গতকাল বাংলাদেশ সফররত উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরপর দুইবার নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত হোটেল রুমে আইসোলেশনে থাকতে হবে এই লেগ স্পিনারকে। করোনা আক্রান্ত হয়ে পড়ায় বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়লেন তিনি। ক্যারিবিয়ান দলের চিকিত্সক প্রেমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে রয়েছে ওয়ালশ জুনিয়র। সফরকারী দলের বাকি সব ক্রিকেটার, সদস্যরা করোনামুক্ত রয়েছেন। দলটি গত দুইদিন ধরে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছে।

শীর্ষ ১২ ক্রিকেটার সফর থেকে সরে দাঁড়িয়েছেন। করোনার কারণে আরো দুই ক্রিকেটারকে হারাচ্ছে উইন্ডিজরা। তার পরও নিজেদের পরিকল্পনার সঠিক প্রয়োগের মাধ্যমে ভালো কিছুর আশায় আছেন ফাস্ট বোলার কেমার রোচ।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ভরসা ডানহাতি এই পেসার গতকাল বলেছেন, ‘আমি মনে করি তারা (বাংলাদেশ) বেশ ভালো দল। আমরা আসলে আমাদের দিকে ফোকাস রাখছি। আমাদের কাজটা ঠিকঠাক করতে হবে। যদি ভালো প্ল্যান করতে পারি, ভালো জায়গায় বল করতে পারি তা আমাদের জন্য সহায়ক হবে। এসব ঠিকমতো করতে পারলে আমি মনে করি আমরা সিরিজে ভালো করতে পারব।’