স্পোর্টস ডেস্ক
প্রথম দিনে থেকেই গল টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় দিনেও সেটি নিজেদের আয়ত্তে আনতে পারেনি শ্রীলঙ্কা। ডম বেসের ঘূর্ণির পর ব্যাট হাতে রাজত্ব করছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তার সেঞ্চুরিতে বড় লিডের পথে রয়েছে সফরকারীরা। ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে রুটদের সংগ্রহ ৪ উইকেটে ৩২০ রান।
ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিকে কালই ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করতে পারতেন রুট। কিন্তু বৃষ্টির বাগড়ায় চা-বিরতির পর আর খেলাই শুরু করা যায়নি। তাই ১৬৮ রান নিয়ে আজ আবার নামবেন তিনি। রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কানদের চোখেমুখে অসহায়ত্বের ছাপ। ২ উইকেটে ১২৭ রান নিয়ে কালকে খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতে আশার বাতি জ্বালিয়ে দেন লাসিথ এম্বুলদেনিয়া। কোনো রানের সুযোগ না দিয়ে ফেরান জনি বেয়ারস্টোকে (৪৭)। কিন্তু অভিষিক্ত ড্যান লরেন্সের সঙ্গে ১৭৩ রানের জুটির গড়ে সে বাতি অচিরেই নিভিয়ে দেন রুট। অভিষেকেই ফিফটির দেখা পাওয়া লরেন্স ৭৩ রানে ফেরেন দিলরুয়ান পেরেরার বলে। চা-বিরতির আগের সময়টা বাটলারকে (৭) নিয়ে কাটিয়ে দেন রুট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস :১৩৫
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯৪ ওভারে ৩২০/৪ (বেয়ারস্টো ৪৭, রুট ১৬৮*, লরেন্স ৭৩, বাটলার ৭; এম্বুলদেনিয়া ১৩১-৩, দিলরুয়ান পেরেরা ৮২-১)।
