গলফ এক চমত্কার খেলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:৫৬

গলফ খেলা সম্পর্কে গলফার ব্যতীত অনেকেরই খুব বেশি ধারণা নেই। গলফ খেলা হলো সুস্থতার জন্য সবুজের মধ্যে হাঁটা, গলফ স্টিকের সুইং, স্টিক আর বলের চমত্কার কন্টাক্ট ও সঙ্গে আনন্দ-আড্ডা। গলফ খেলা যে কোনো বয়সেই শুরু করা যায়, যেখানে কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই এই খেলা খেলতে পারেন। তবে পেশাদার গলফার হতে হলে অল্প বয়সেই এই খেলা শুরু করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সহজে সফলতা পাওয়া যায়। সাধারণত যে বয়সে খেলোয়াড়রা খেলাধুলা থেকে অবসর নেন, সেই বয়সেও এই খেলা শুরু করা যায়। অনেক নিয়মিত গলফার আছেন, যারা চাকরি শেষে কিংবা কর্ম থেকে অবসরের পর গলফ খেলা শুরু করেছেন। গলফ সব বয়সির জন্য চমত্কার খেলা; যেখানে আড্ডা, বিনোদন, ব্যায়াম, হাঁটা, শারীরিক কসরতসহ নানা রংঢঙের সমাহার। গলফ কোর্স সাধারণত ৯ হোল ও ১৮ হোলের হয়; ৯ হোল কোর্সের দৈর্ঘ্য কমবেশি ৩ হাজার ৫০০ গজ এবং জমির পরিমাণ কমবেশি ৬৫ একর এবং ১৮ হোল কোর্সের দৈর্ঘ্য কম বেশি ৭ হাজার ৫০০ গজ এবং জমির পরিমাণ কমবেশি ১৩০ একর। ৯ হোল এবং ১৮ হোল কোর্স সম্পন্ন করতে যথাক্রমে কমবেশি আড়াই ঘণ্টা ও পাঁচ ঘণ্টা সময় লাগে। গলফ কোর্সগুলো আন্তর্জাতিক নিয়মে রেটিং করা হয়। গলফ খেলায় তিন-চার জনের ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে (গলফের ভাষায় এই দলগুলোকে ফ্লাইট বলা হয়) খেলা শুরু করে এবং একত্রে শেষ করে। গলফ খেলায় একজন গলফার মিশে যান প্রকৃতির সঙ্গে, সবুজের মধ্যে, খোলা আকাশের নিচে, বিশুদ্ধ বাতাস আর ভিটামিন-ডি সমৃদ্ধ সূর্যকিরণ মেখে, হেঁটে হেঁটে অতিক্রম করেন ৪ থেকে ৮ কিলোমিটার পথ। দিনের এক্সারসাইজ এখানেই সম্পন্ন হয়, সঙ্গে পুরো সময়টাই চলে বন্ধুদের সঙ্গে আলাপচারিতা, খুনসুটি, অতীত স্মৃতিচারণ এবং খেলা শেষে চা-কফি-শরবতের সঙ্গে খানিকটা আড্ডা, কিছুটা বিশ্রাম তারপর যে যার গন্তব্যে প্রস্থান। ব্যস্ত শহরের বিরামহীন জীবনে কোলাহলমুক্ত এক খণ্ড সবুজ প্রকৃতি প্রতিটি গলফারকে হাতছানি দেয়। খেলতে খেলতে এই খেলা যেন দারুণ এক নেশায় পরিণত হয়। গলফ ক্লাবগুলোতে সাধারণত গলফ কোর্সের পাশাপাশি গলফারদের জন্য রয়েছে সুইমিংপুল, সাওনা, স্টিম বাথ, হেলথ সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, জিম, ক্যাফে, চেইনজ রুম, অনুশীলন গ্রাউন্ড ইত্যাদি সুবিধা।

গলফ খেলা আন্তর্জাতিক নিয়মকানুন দ্বারা পরিচালিত হয়, যা সব গলফারের জন্য অবশ্যই পালনীয়। এই খেলায় কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে শাস্তি পেতে হয় এবং অন্য গলফারদের কাছে তিনি নিন্দিত ও সমালোচিত হন। শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ। গল?ফ গ্রাউন্ডে অধিকসংখ্যক গলফারকে একত্রে খেলার সুযোগ দেওয়া যায় না, তাই গলফ ক্লাবের মেম্বার হওয়া অনেকটা সময়সাপেক্ষ। তাছাড়া শুধু টাকা দিয়েই গল?ফ মেম্বার হওয়া যায় না, ব্যক্তিত্বও এখানে মূল্যায়িত হয়। গলফ ক্লাবগুলোতে বিদেশি গলফাররা মেম্বার-নন মেম্বার হিসেবে খেলার সুযোগ পান। গলফ খেলার মান উন্নয়নে ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে দেশে-বিদেশে রয়েছে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের অধীনে দেশেই প্রতিষ্ঠিত হয়েছে গলফ একাডেমি। বাংলাদেশের সিদ্দিকুর রহমান আন্তর্জাতিক পর্যায়ে একজন স্বনামধন্য গলফার, যিনি আন্তর্জাতিক গলফে বাংলাদেশকে সুপরিচিত করেছেন, যার ঝুড়িতে রয়েছে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

গলফ ক্লাবের মেম্বার হতে নির্ধারিত ফরমে আবেদনসহ মেম্বারশিপ ফি জমা দিতে হয়। ব্যালটিং কমিটির মাধ্যমে ঐ আবেদনপত্র যাচাইবাছাই করে আবেদনকারীর সাক্ষাত্কার গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীর নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তিসাপেক্ষে অস্থায়ী মেম্বারশিপ (ইউসিএম) প্রদান করা হয়। চার-আট সপ্তাহ নিয়মিত প্রশিক্ষণ/ড্রাইভিং রেঞ্জে অনুশীলনের পর হ্যান্ডিক্যাপ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে স্থায়ী সদস্য পদ দেওয়া হয়। গলফ খেলার জন্য মেম্বারশিপ ফি, মাসিক ফি, গ্রিন ফি, ড্রাইভিং রেঞ্জ ফি,  টুর্নামেন্ট ফি, কেডি-বলবয় টিপস ইত্যাদি প্রদান করতে হয়। তাছাড়া ক্লাবের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সুবিধা গ্রহণ করলে দিতে হয় অতিরিক্ত ফি। গলফ খেলার জন্য প্রয়োজন গল?ফ সেট ও ট্রলি, গলফ বল, হ্যান্ড গ্লাবস ও স্লিভস, টি ও মার্কার, ছাতা ইত্যাদি। গলফ খেলার পোশাক হিসেবে টি-শার্ট ও ট্রাউজার, বেল্ট, ক্যাপ ও গলফ শু।

গলফ খেলা শুধু মজাদার খেলাই নয়, মানসিক সুস্থতার জন্য দুর্দান্ত এক খেলা, যা মনকে সজীব রাখে, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বলা হয়ে থাকে গলফ হচ্ছে ৯০ শতাংশ মানসিক এবং ১০ শতাংশ শারীরিক খেলা। প্রতিযোগিতামূলক খেলা হওয়ায় গলফ একটি সামাজিক ইভেন্টও বটে। গলফ ক্লাব বিভিন্ন ধরনের জীবনধারার লোকের সঙ্গে মিলিত হওয়ার এবং নতুন বন্ধু তৈরির জন্য এক উপযুক্ত জায়গা, ব্যবসায়িক সংযোগটাও বেশ পাকাপোক্ত হয়। এই খেলা মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা, আতঙ্ক আক্রমণ (পেনিক অ্যাটাক) হ্রাস করে, দৈনন্দিন ঝামেলাপূর্ণ জীবনে প্রশান্তি দেয়, সব বয়সের নারী-পুরুষ গলফারদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এই খেলা অনুশীলনে হাঁটা ও সুইংয়ের মাধ্যমে পুরো শরীরকে কার্যক্ষম করে, ওজন কমাতে সাহায্য করে, প্রতিদিনের খেলায় প্রায় ১৫০০-২০০০ ক্যালোরি বার্ন হয়। এই খেলায় হাঁটু, কোমর কিংবা শরীরের বিভিন্ন জয়েন্টের ওপর তেমন প্রভাব পড়ে না বা ক্ষতি হয় না, বার্ধক্যেও গলফ খেলার সক্ষমতা থাকে; যাদের হাঁটতে সমস্যা হয় তাদের জন্য আছে গলফ কার্ট (ছোট হালকা গাড়ি)। গলফাররা প্রকৃতির সঙ্গে, সবুজের মধ্যে চলতে চলতে প্রকৃতি অনুরাগী হয়, নির্দিষ্ট গতিতে হাঁটা আর খেলার মধ্যে অসংখ্য সুয়িং করায় হার্টে পর্যাপ্ত পাম্পিং হয়, হার্ট ভালো থাকে, মস্তিষ্ককে উদ্দীপ্ত করে (স্টিমুলেট), সুখনিদ্রা হয়। বয়স্কদের জন্য গলফ এক স্বাস্থ্যসম্মত খেলা, যা তারা অন্য গলফারদের সঙ্গে মিশে বয়সের ভেদাভেদ ভুলে দারুণভাবে উপভোগ করতে পারেন।

n লেখক :সাবেক মেম্বার সেক্রেটারি,

 আর্মি গলফ ক্লাব, ঢাকা।