দোহারে দেওয়াল ধসে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:০৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দোহার উপজেলায় দেওয়াল ধসে শিউলী বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার লক্ষ্মীপ্রাসাদ সড়কপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিউলী বেগম ঐ গ্রামের শেখ আবজালের স্ত্রী। নিহতের ভাই শামীম আরমান জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে আমার বোন শিউলী নিজ বাড়িতে তার স্বামীকে ভাত খেতে দিয়ে তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। ফেরার পথে প্রতিবেশীর বাড়ির পুরোনো সীমানা দেওয়াল ধসে তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। দোহার থানার ডিউটি অফিসার নয়ন মিয়া জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে এক সংবাদকর্মীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।