সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন স্থগিত
ইত্তেফাক রিপোর্ট
দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালি ওয়াদুদ চৌধুরী মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে বুকে হঠাত্ তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে খিলগাঁওয়ের বাসা থেকে মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিত্সকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। তার ভোরের কাগজের এক সহকর্মী বলেন, ‘ডাক্তাররা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই হিলালীর মৃত্যু হয়।’ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। দুপুরে ভোরের কাগজ কার্যালয়ে সহকর্মীরা হিলালীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হয়। নীলফামারীর ডোমারে গ্রামের বাড়িতে তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। হিলালী ওয়াদুদ চৌধুরী স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মেয়ে আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ৪৯ বছর বয়সি হিলালী ওয়াদুদ চৌধুরী ভোরের কাগজের ডেপুটি মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাব এডিটরস কাউন্সিলের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হিলালী। তার মৃত্যুতে সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
