গতকাল শুরু হয়েছে শীতের মাস মাঘ। হিমেল হাওয়া উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করে ক্রমে সারা দেশে বিস্তার লাভ করছে। শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে রংপুর বিভাগসহ দেশের অন্তত ৯টি জেলায়। আকাশ মেঘলা। ঘন কুয়াশা জমছে অনেক অঞ্চলে। শীতের তীব্রতা আগামী কয়েক দিনে আরো কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার রংপুর বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে, ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের তাপমাত্রা আগামী কিছুদিন অপরিবর্তিতই থাকবে। তাপমাত্রা এর চেয়ে আর কমবে না। কিছুদিন পরে আবার বাড়তে পারে। তিনি বলেন, ঢাকার কাছেই টাঙ্গাইলে শৈত্যপ্রবাহ চলছে। সেখানে তাপমাত্রা ১০ এর নিচে, ৯ দশমিক ৮ ডিগ্রি। তবে রাজধানীতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। চলতি বছর এখনো ঢাকায় শৈত্যপ্রবাহ হয়নি। আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণে দেখা গেছে, এ বছর ঢাকায় শৈত্যপ্রবাহের (১০ ডিগ্রির নিচে তাপমাত্রা) তেমন কোনো সম্ভাবনাও নেই। আবহাওয়ার এমন আচরণকে অস্বাভাবিক বা প্রকৃতির বিরূপ আচরণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এমনটা প্রতি বছর হয় না। চলতি মৌসুমে নওগাঁতে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে, ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উত্তরাঞ্চলে উত্তর-পশ্চিমের বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সঙ্গে কুয়াশাও অনেক বেশি। আগামী দুই তিন এই তাপমাত্রাই থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে চলতি মাসে খুব বেশি তাপমাত্রা বাড়বে না। খুব বেশি এলাকায় ছড়াবে না শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ আব্দুস সালাম বলেন, সাধারণত ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে ডিসেম্বরে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে ওপর দিয়ে। তবে ঢাকায় এ বছর এখনো দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। এদিকে গতকাল সকাল থেকে রংপুর অঞ্চলসহ উত্তরাঞ্চলের কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। দিনের মধ্যভাগে কুয়াশা কিছুটা কেটে গেলেও বিকালে কুয়াশার ভারে অন্ধকারের রূপ নেয় প্রকৃতি। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, গতকাল শুক্রবার পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ এবং বেশ কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। তিনি আরো জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার সবশেষ আবহাওয়া বুলেটিন অনুযায়ী, রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা হবে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ দশমিক ১ ডিগ্রি। আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তুলনায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
নওগাঁ প্রতিনিধি জানান, উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় নওগাঁয় এ দিনের ব্যবধানে আবারও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় জেলায় বদলগাছী আবহাওয়া অফিসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ও ভোরে ঘন কুয়াশায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে নওগাঁ সদর হাসপাতালে রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু ওয়ার্ডে ১০ বেডের পরিবর্তে প্রতিদিন ভর্তি হচ্ছে দুই/তিন গুণ। ফলে ঠান্ডায় আক্রান্ত শিশুদের নিয়ে একই বেডে দুই/তিন জন করে থাকতে হচ্ছে।
