নিহত শিক্ষার্থীর জন্য দোয়া মাহফিল

পাঁচ শতাধিক দুস্থকে খাওয়ালেন সহপাঠীরা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:৪৬

কলাবাগানে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় দোয়া মাহফিল করেছে সহপাঠী ও তার পরিবার। দোয়া মাহফিলে পাঁচ শতাধিক ভাসমান পথশিশু ও অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে জুম্মার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে আজ শনিবার বিকালে রাজধানীর পান্থপথে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সহপাঠীরা। নিহতের সহপাঠী নেহা জামান জানান, শুক্রবার ধানমন্ডির তাকওয়া মসজিদে দোয়া মাহফিল শেষে এলাকার ভাসমান পথ শিশু, রিকশাচালক ও অসহায়দের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের ৬৩/৪, পান্থনিবাস-২ অ্যাপার্টমেন্টের দোতলার ডি-২ ফ্ল্যাটে বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বাসায় ধর্ষণের শিকার হয়ে মারা যান রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের এক শিক্ষার্থী। ঐ দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা করেন মেয়েটির বাবা। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দিহান। বর্তমানে দিহান কারাগারে রয়েছে। দিহানদের বাসার নিরাপত্তা প্রহরী দুলাল হোসেন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।