সোনারগাঁওয়ে প্রাইভেটকার খাদে পড়ে নিহত চার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২৩:৩৯

সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের ভৈরবেরটেক প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার জন নিহত ও একই গাড়িতে থাকা আরেকজন আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই চারজনের লাশ উদ্ধার করেন।

নিহতরা হলেন- আড়াইহাজার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার মৃত কাজেম আলী মোস্তাকের ছেলে ও ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  মো. শহীদুল্লাহ, একই এলাকার জোহর আলীর ছেলে রাজু আহম্মেদ, বড়ফাউসা এলাকার ইবু বাবুর্চির ছেলে রিপন ও আড়াইহাজার পৌরসভাধীন বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন মিয়া। সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম বলেন, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে রাতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে সোনারগাঁয়ের ভৈরবেরটেক এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। নিহত চার জনই আড়াইহাজার গ্রামের।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের ইন্সপেক্টর সেলিম রেজা জানান,  সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাদের বহনকৃত সাদা রংয়ের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। আর পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে।