শাওমিসহ আরো ৯ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:৫২

ইত্তেফাক ডেস্ক

ক্ষমতা ছাড়ার একেবারে শেষ মুহূর্তে এসে চীনের আরো কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাওমি ও কোম্যাকের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোও। খবর আলজাজিরা ও সিএনএন

নতুন করে যে ৯টি চীনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, সেগুলো চীনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। নতুন নিষেধাজ্ঞার ফলে চীনা প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র থেকে যে কোনো ধরনের বিনিয়োগ যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। মার্কিন নিষেধাজ্ঞা শাওমির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। কিন্তু নিষেধাজ্ঞার খবর ছড়াতেই শুক্রবার হংকংয়ে তাদের শেয়ারের দর কমে গেছে অন্তত ১০ শতাংশ। পেন্টাগনের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা সংস্থা কমার্শিয়াল এয়ারক্র্যাফট করপোরেশন অব চায়না (কোম্যাক)।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, চীনের যেসব প্রতিষ্ঠান বেসামরিক মনে হলেও আদতে তারা উন্নত প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সামরিক বাহিনীকে সাহায্য করছে, তাদের প্রকাশ্যে আনতে এবং প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন নিষেধাজ্ঞার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে এর আগের নিষেধাজ্ঞাগুলোতে তীব্র প্রতিক্রিয়া, এমনকি পালটা নিষেধাজ্ঞাও দিয়েছিল তারা। বৃহস্পতিবারের আগে আরো অন্তত ৩৫টি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পেন্টাগন। এর মধ্যে রয়েছে টেক জায়ান্ট হুয়াওয়ে, চিপ নির্মাতা এমএমআইসির মতো প্রতিষ্ঠানগুলো।