নবাবগঞ্জে পারুল হত্যা মামলার আসামি আক্কাসের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২৩:৪০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বক্সনগর দিঘিরপাড় সাতঘরহাটির এলাকায় গৃহবধূ পারুলকে (৩৫) হত্যাকারী ঘাতক স্বামী আক্কাস ফকিরের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে পারুলের স্বজনসহ এলাকার প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে আক্কাসের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে।

এ সময় মামলার বাদী পারুলের ভাই শেখ মো. জুয়েল দাবি করেন, গত ১৪ জানুয়ারি কোনো এক সময় দিঘিরপাড় সাতঘরহাটির ভাড়া বাড়িতে আমার বোন পারুলকে গলা কেটে হত্যা করে তার স্বামী আক্কাস। আমরা সরকারের কাছে এ হত্যাকাণ্ডের সুবিচার চাই। উল্লেখ্য, গৃহবধূ পারুল হত্যাকাণ্ডের মূল ঘাতক আক্কাসকে ঘটনার তিনদিন পর শুক্রবার রাতে উপজেলার বাগমারা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।