চসিক নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সুপারিশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:৫৩

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যারা বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করছেন তাদের ব্যাপারেও কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে।

গতকাল শুক্রবার আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনি কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আহমদ হোসেন বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতে পারি না। তাছাড়া মনোনয়ন চেয়ে যারা আবেদন করেছিলেন প্রত্যেকেই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দল-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তারা স্বয়ংক্রিয়ভাবে দলীয় পদ হারাবেন বলে অঙ্গীকারে উল্লেখ ছিল।’  এ সময় আরো বক্তব্য রাখেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রমুখ।