ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সরকারি জায়গার ভুয়া কাগজ করে হয়ত কেউ সাময়িকভাবে দখল করতে পারে কিন্তু তারা এত সহজে পার পাবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রবিবার সাভারের সিএন্ডবিতে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১১৬ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ভূমি মন্ত্রণালয়কে জিরো টলারেন্স ঘোষণা করেছি। ভূমি অফিসের সকলের সম্পদের হিসাব নেওয়া হচ্ছে। আমাদেরকে একটু সময় দিন, আগামী ৯০ দিনের মধ্যে আমরা সিস্টেম অটোমেশন করে ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করব। মানুষ যাতে ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হয় এজন্য আমরা গোপালগঞ্জ এবং চট্টগ্রামে দুটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছি। ভূমি সেবার ব্যাপারে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা আমরা ধাপে ধাপে পূরণ করব। ভূমি সেবাগ্রহিতাদের সুবিধার জন্য আমরা হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ভূমির বিষয়ে যাবতীয় অভিযোগ গ্রহণ করে তার সমাধানে কাজ করা হবে। এছাড়া প্রবাসীদের সুবিধার জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ গ্রহণ করে তাদের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ৪৫ দিনের এ প্রশিক্ষণে বিসিএস প্রশিক্ষণ ক্যাডারের ১৭ জন, পুলিশ ক্যাডারের ২০ জন, রেলওয়ে ক্যাডারের ২ জন এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৯ জনসহ মোট ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
