নিখোঁজের চার দিন পর প্রথম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২৩:৪২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে নিখোঁজের চার দিন পর গতকাল রবিবার সকালে জুবায়ের নামে সাত বছরের প্রথম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জুবায়েরকে হত্যা করে বাড়ির অদূরে একটি লেবু বাগানে পুঁতে রেখেছিল ঘাতকরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাটুরিয়া পুলিশ একজনকে আটক করেছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।

সাটুরিয়া উপজেলার জালশুকা গ্রামের মহিদুল ইসলামের ছেলে জুবায়ের। সে জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। গত বৃহস্পতিবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। গত শুক্রবার সকালে জুবায়েরের পরিবার সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে। এর পরপরই একটি মোবাইল ফোন থেকে জুবায়েরের মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করা হয়। ১২ ঘন্টার মধ্যে টাকা নিয়ে সাভার ওভার ব্রিজের নিচে অপেক্ষা করতে বলে। টাকা না দিলে জুবায়েরকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে টাকা নিয়ে পরিবারের লোকজন অপেক্ষা করলেও কেউ টাকা নিতে আসেনি। এদিকে সন্দেহজনক একজনকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে লাশের সন্ধান পাওয়া যায়। আটক ব্যক্তির বক্তব্য অনুযায়ী লেবু বাগান থেকে জন্তু জানোয়ারে খাওয়া জুবায়েরের লাশ উদ্ধার করে পুলিশ। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে নিশ্চিত হয়ে এ বিষয়ে তথ্য দেওয়া হবে।