দৈনিক ইত্তেফাকে গতকাল রবিবার প্রকাশিত ‘৩০ তারিখের নির্বাচনে ভোট না দেওয়ায় কালীগঞ্জে তৃণমূলের প্রশ্নের মুখে সাবেক এমপি’ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাকসুর সাবেক ভিপি-জিএস ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল সংগ্রহের জন্য একটানা দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশন সচিবালয়ে অবস্থান করে সকল আসনের বেসরকারি ফলাফল সংগ্রহ করে কমিশন ভবন ত্যাগ করার জন্য দল থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্দেশনা অনুযায়ী টিম লিডার হিসেবে সেভাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ে সুচারুভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী তাকে ও তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন।
