গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের কাছ থেকে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে জিন্সের প্যান্ট ও নেভি ব্লু শার্ট রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাওয়াল জাতীয় উদ্যানের ১নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক যুবকের মস্তক বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ওই যুবকের দেহ এবং কিছু দূর থেকে মস্তক ও হেলমেট উদ্ধার করে।
গাজীপুর মেট্টো পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর জানান, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে, না অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
মানিকগঞ্জে বাজারের ব্যাগে
নবজাতকের লাশ
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে বাজারের ব্যাগে চাদরে মোড়ানো এক নবজাকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুপাই-ধলাই ব্রিজের নিচে লাশটি পাওয়া যায়। মানিকগঞ্জ সদর থানার এস আই রাশেদ মিয়া জানান, নবজাতকের লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
