এ বছরের প্রতিটি হোম সিরিজই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করবে বিসিবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:১৮

করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। মহামারির কারণে আটকে থাকায় ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এ বছর প্রত্যেকটি হোম সিরিজই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অভিনব এই পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।বঙ্গবন্ধু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্পন্সর পরিচিতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

জালাল ইউনুসের মতে, ‘আমরা চাচ্ছি যতগুলো খেলা আছে আমরা যেন বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি। এরকম চিন্তাভাবনা আছে আমাদের। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ হয়েছে, এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হচ্ছে। জাতির জনকের নামে আমরা সিরিজের নামকরণ করেছি। এখন ঘরোয়া যে খেলাগুলো হবে আমরা চেষ্টা করবে তাকে স্মরণ করে নামকরণ করার।’

জালাল ইউনুস জানান, স্থগিত থাকা ঘরোয়া ক্রিকেট শীঘ্রই শুরু করবে বিসিবি। তার আগে ক্রিকেটারদের মহামারি করোনার প্রতিষেধক প্রয়োগের কথা ভাবা হচ্ছে।

জালাল ইউনুস বলেন, ‘প্রিমিয়ার লিগ এক রাউন্ড হওয়ার পর বন্ধ হয়ে গেছে। এটা শুরু করার চিন্তাভাবনা আছে আমাদের। প্রথম বিভাগ, জাতীয় লিগ- অনেক খেলা বাকি আছে। ফেব্রুয়ারি মাসের পর আমরা শুরু করার চেষ্টা করব। 

ইত্তেফাক/এসআই