বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন রফিকুল আলম ও সামিনা চৌধুরী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:২৫

বিনোদন রিপোর্ট

 

এদেশের অসংখ্য কালজয়ী গানের সঙ্গে জড়িয়ে আছে সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও রফিকুল আলমের নাম। আধুনিক, দেশাত্মবোধক থেকে শুরু করে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তারা। ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি তারা সুরের জাদুতে মুখরিত করে রাখছেন শ্রোতাদের। এবার নতুন আরো একটি নতুন গানে কণ্ঠ দিলেন এই দুই গুণী শিল্পী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘আগস্ট মাসের পনেরো তারিখ’ শিরোনামের একটি গান গাইলেন তারা। এই গানটির মাধ্যমে প্রথমবার কোনো অডিও গান একসঙ্গে গাইলেন সামিনা চৌধুরী ও রফিকুল আলম। গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর ও সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

বঙ্গবন্ধুকে নিয়ে গান ও সামিনা চৌধুরীর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দারুণ একটি গান গাইলাম। অনেকদিন পর এমন একটি কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। ফরিদ আহমেদ গানটির সুরও অনেক ভালো করেছেন। আমার বিশ্বাস, জাতির পিতাকে নিয়ে তৈরি প্রশংসিত গানের একটি হবে আগস্ট মাসের পনেরো তারিখ। আর সামিনার গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু কেন যে ওর সঙ্গে অনেক অনেক গান গাইতে পারলাম না, সেটি ভেবেই অবাক হই।’

গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের ইমোশনের জায়গা। ওনাকে নিয়ে গান গাইতে পারা অনেক ভালোলাগার একটা বিষয়। গানটির কথা ও সুর খুবই ভালো হয়েছে। আশা করছি গানটি সব মহলের শ্রোতারা ভালোবেসে গ্রহণ করবেন। বলতে পারেন গানটি অনেক বছর বেঁচে থাকবে। আর  রফিকুল আলম চাচা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। ভক্ত হিসেবে ওনার সঙ্গে গাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। এটা ভাষায় প্রকাশ করা যাবে না।’ 

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সামিনা চৌধুরী ও রফিকুল আলম গানটিতে কণ্ঠ দেন। বাংলাদেশ বেতারে গানটির রেকর্ড সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই গানটির কথায় বঙ্গবন্ধুকে হারানো এবং দেশের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে গানটির গীতিকার ফরিদ আহমেদ বলেন, ‘এটা খুব আবেগী একটা গান। গানের কথায় বঙ্গবন্ধুকে হারানো ও স্বাধীনতার ইতিহাস চমত্কারভাবে তুলে ধরা হয়েছে। আশা করছি সব প্রজন্মের শ্রোতাদের ভালো লাগবে।’