বৃহস্পতি গ্রহে অদ্ভুত এফএম তরঙ্গ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:৫৪

ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

সৌরজগত্ নিয়ে রহস্য যেন শেষ হচ্ছে না। কখনো নতুন স্পাইরাল গ্যালাক্সির সন্ধান, কখনো বৃহস্পতির ‘চাঁদ’ থেকে এফএম রেডিও সিগন্যাল পাওয়া—এসব বিশ্ববাসীকে হতবাকই করে দিচ্ছে। পরের ঘটনাটি সাম্প্রতিককালে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাসার মহাকাশযান জুনো সম্প্রতি অদ্ভুত এই ঘটনাটি প্রত্যক্ষ করেছে। আর এ কারণে প্রশ্ন উঠছে, তবে কি সেখানে কোনো ভিনগ্রহের প্রাণীর বাস হচ্ছে?

মহাকাশযান জুনো বৃহস্পতির চারপাশে চক্কর দেওয়ার সময় তাদের রাডারে ধরা পড়ে এই এফএম তরঙ্গ। এরপরেই বিজ্ঞানীরা এই তরঙ্গের বিশ্লেষণ করে জানান, আমাদের গ্রহে যে এফএম তরঙ্গের মাধ্যমে আমরা রেডিওর গান শুনি, তার সঙ্গে এই তরঙ্গের বিশেষ কোনো ফারাক নেই। জানা যায়, এই তরঙ্গের উত্স বৃহস্পতির ৭৯টি উপগ্রহের একটি ‘গ্যানিমিড’ থেকেই ভেসে আসছে তরঙ্গটি। তখনই জল্পনার শুরু হয়, তাহলে কি মহাকাশে সত্যিই অন্য প্রাণী আছে? অবশ্য বিজ্ঞানীরা বলছেন, তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তাদের বক্তব্য, এটি প্রকৃতির নিজের সৃষ্টি করা তরঙ্গ। বহু ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তনের কারণে এ ধরনের তরঙ্গ নিজে থেকেই তৈরি হয়। তবে বিষয়টির নিশ্চিত ফলাফলের জন্য আরো গবেষণার প্রয়োজন আছে বলে তারা জানিয়েছেন। তারা বলেন, তখন হয়তো এ থেকে ভৌতবিজ্ঞানের আরো নানা দিকের সন্ধান পাওয়া যাবে।-আনন্দবাজার পত্রিকা