ওয়ানডেতে তিন নতুন মুখ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৪৪

ফিরলেন সাকিব আল হাসান

স্পোর্টস রিপোর্টার

প্রাথমিক দল ঘোষণার সময়ই ভিশন ২০২৩’র পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্বাচকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত দলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবনার ছাপ রেখেছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পেয়েছেন তিন তরুণ।

বল হাতে দুর্বার গতি, লাইন-লেন্থে নজর কাড়া ফাস্ট বোলার হাসান মাহমুদের ডাক পাওয়াটা অনুমিতই ছিল। গতি, আগ্রাসন মিলে যুব বিশ্বকাপ জয়ের মাত্র এক বছরের মধ্যেই বাঁহাতি পেসার শরীফুল ইসলামও জাতীয় দলের চৌকাঠে পা রাখলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান।

গতকাল ঘোষিত বাংলাদেশের ১৮ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। আসন্ন সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে বিশ্বসেরা অলরাউন্ডারের। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অধ্যায়ও শুরু হবে বাংলাদেশের ক্রিকেটে। গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে থাকা আল-আমিন হোসেন ও নাঈম শেখ এবার সুযোগ পাননি। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম এবার প্রাথমিক দলেই ছিলেন না।

উইন্ডিজ সিরিজের প্রাথমিক দলে ছিলেন ২৪ ক্রিকেটার। শেষ পর্যন্ত মূল দলে সুযোগ হয়নি মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন হোসেন, নাঈম শেখ, নাসুম আহমেদ, ইয়াসির আলীর। পারভেজ হোসেন ইমন আগেই বাদ পড়েছিলেন ইনজুরির কারণে। করোনা পরিস্থিতির কারণেই ১৮ জনের দল। তিন তরুণকে রাখা বিশ্বকাপ পরিকল্পনারই অংশ। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা তিন জন আনক্যাপড দিয়েছি, এটা পরিকল্পনার অংশ। এ সিরিজ থেকেই আমরা শুরু করছি। ওদের তৈরি করা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে রেখে কাজ করানোর জন্যই রাখা হয়েছে। ২০২৩ বিশ্বকাপ আছে ওয়ানডে, সেটার একটা পরিকল্পনা আছে। সবকিছু মিলিয়ে আমি মনে করি আমাদের পরিকল্পনার প্রথম ধাপ শুরু হল এই সিরিজ থেকে।’

ভারসাম্যপূর্ণ দল গড়েছেন বলেই দাবি করেছেন প্রধান নির্বাচক। গতকাল তিনি বলেছেন, ‘টিমের কম্বিনেশন যথেষ্ট ভালো। ব্যাটিং, বোলিং সব দিক দিয়ে একটা ভারসাম্য রাখা হয়েছে। আমি বিশ্বাস করি এই দল আমাদের ভালো একটা সিরিজ উপহার দেবে।’ সাকিবের উপস্থিতি দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন প্রধান নির্বাচক। নান্নুর আশা, করোনায় ১০ মাসের বিরতির ধাক্কা কাটিয়ে হোম সিরিজে তামিম বাহিনী সেরা পারফরম্যান্স উপহার দেবে।

n বাংলাদেশের ১৮ সদস্যের ওয়ানডে দল 

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।