স্পোর্টস রিপোর্টার
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের জাতীয় রেকর্ডের সাক্ষী হয়েছে ৪৪তম বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস। নারী ৩ হাজার মিঃ দৌড় ইভেন্টে ১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এই ইভেন্টে ২০০৩ সালে ১১:০৮.১৫ মিনিট সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন হালিমা খানম বিথি ।
এদিকে নারী ১০০ মিটার হার্ডলসে সেরা হয়েছেন নৌবাহিনীর তামান্না আক্তার। ১৪.৬০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। পুরুষ ১১০ মিটার হার্ডলসে ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মির্জা হাসান।
পুরুষ ৪০০ মিটার দৌড় ইভেন্টে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান। ৪৭.২০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। একই ইভেন্টের মহিলা বিভাগে ৫৮.৬০ সেকেন্ডে টাচ লাইন পেরিয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সাবিয়া আল সোহা।
দ্বিতীয় দিনে মোট ২৩টি ইভেন্ট শেষে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী । ০৯টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী এবং ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জসহ মোট ২টি পদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
এর আগে গত পরশু প্রতিযোগিতার প্রথম দিন নারীদের হাইজামেপ জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার। তিন দিনব্যাপী প্রতিযোগিতার আজই শেষ দিন।
দ্বিতীয় দিন শেষে পদক তালিকা
ক্রমিক নং সংস্থা স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
০১ বাংলাদেশ নৌবাহিনী ১২ ৮ ৯ ২৯
০২ বাংলাদেশ সেনাবাহিনী ৯ ১৪ ৬ ২৯
০৩ বাংলাদেশ আনসার ও ভিডিপি ১ ০ ২ ৩
০৪ বাংলাদেশ পুলিশ ১ ০ ০ ১
০৫ বাংলাদেশ বিমানবাহিনী ০ ০ ৩ ৩
০৬ বাংলাদেশ জেল ০ ০ ৩ ৩
০৭ নড়াইল জেলা ক্রীড়াসংস্থা ০ ১ ০ ১
সর্বমোট ২৩ ২৩ ২৩ ৬৯
