স্পোর্টস রিপোর্টার
বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে তামিম ইকবালের একাদশ। ম্যাচের মূল প্রাপ্তি রান পেয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ একাদশের হয়ে তিনে নেমে ৮২ বলে ৫২ রান (১ চার, ১ ছয়) করেছেন সাকিব। ওপেনিংয়ে নেমে স্বেচ্ছায় অবসর নেওয়ার আগে অধিনায়ক তামিম খেলেছেন ৮০ বলে ৮০ রানের (৫ চার, ৩ ছয়) ইনিংস। হোম সিরিজের আগে দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের ব্যাটে রান আসাটা গোটা দলের জন্যই স্বস্তির।
গতকাল ৪৫ ওভারের ম্যাচে তামিম একাদশ ৮ উইকেটের জয় পেয়েছে। মাহমুদউল্লাহর দল আগে ব্যাট করে ৭ উইকেটে ২২৩ রান তুলেছিল। নাঈম শেখ ৫০, ইয়াসির আলী ২৪, মুশফিক ২৫, মোসাদ্দেক ৩১, মিরাজ ১১ রান করেন। দলটা মাহমুদউল্লাহর নামে থাকলেও গতকাল ম্যাচ খেলেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। দলের নেতৃত্ব দিয়েছেন মিরাজ। সাইফউদ্দিন, মেহেদী হাসান ২টি করে, মুস্তাফিজ, রুবেল, নাসুম ১টি করে উইকেট পান।
জবাবে তামিম, শান্তর হাফ সেঞ্চুরিতে ৩৫.২ ওভারে ২ উইকেটে ২২৪ রান তুলে জয় নিশ্চিত করে তামিম একাদশ। শান্ত ৬১, লিটন ৪৮, মিঠুন অপরাজিত ১৭, সৌম্য অপরাজিত ১২ রান করেন। তাসকিন ও হাসান মাহমুদ একটি করে উইকেট পান।
এদিকে যুক্তরাজ্য থেকে আসা নতুন ব্যাটিং কোচ জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসন আইসোলেশন শেষে মাঠে ফিরেছেন। গতকাল বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের সময় ডাগআউটে উপস্থিত ছিলেন তারা। পরপর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন লুইস ও গিবসন।
