লিভারপুল-ইউনাইটেড দ্বৈরথ আজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৪৭

স্পোর্টস ডেস্ক

দেড় বছর আগে এক প্রীতি ম্যাচে প্রথম দেখাতেই লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপের নজর কাড়েন ব্রুনো ফার্নান্দেজ। তখন তিনি পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপির। এর কয়েক মাস পরই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান তিনি। এক বছরের ব্যবধানে হয়ে গেছেন ক্লাবটির সেরা তারকা। তার কাঁধে চড়েই আট বছর পর আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ইউনাইটেড। তাই অ্যানফিল্ডে আজ লিভারপুল ম্যাচের আগে স্বাভাবিক ভাবেই তিনি টক অফ দ্য টাউন।

গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছিল লিভারপুল। সেবার পয়েন্টের ব্যবধানে ধারে কাছেও ছিল না চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেড। কিন্তু এবার অলরেডদের পেছনে ফেলে টেবিলে রাজত্ব করছে তারা। ১৭ ম্যাচে ওলে গানার সোলসার শিষ্যদের পয়েন্ট ৩৬। ৩ পয়েন্ট কম  নিয়ে দ্বিতীয়তে আছে অলরেডরা। তাই ঘরের মাঠে আজ ক্লপের লড়াইটা শীর্ষে ওঠারও।