বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০০:৩৭

বাগাতিপাড়ায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া-জামনগর সড়কের কাটাকুলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার ব্যবসায়ী খালেদ হোসেন রব (৩৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও একমাত্র ছেলে তাসফি (৮)। খালেদ আড়ানী বাজারের খালেদ সু-স্টোরের প্রোপাইটর খাইরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বিকালে বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়ার কৈচরপাড়া গ্রামের রফিক নামের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে (টিভিএস এফআরটি) মোটরসাইকেল যোগে তার বাড়ি রাজশাহীর বাঘার আড়ানীতে ফিরছিলেন খালেদ। পথে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কাটাকোল এলাকায় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে তারা ছিটকে পড়ে গেলে ঘাতক ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হয়।               

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা, তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর রহমান (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার মিঠাবাড়ী  গ্রামের আবুল কালাম শেখের পুত্র এবং নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল রবিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শাহিনুরকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা জানান, শাহিনুর নসিমন যোগে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সে বাসটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।