মির্জাপুরে গরু চুরি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫১

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে গরু চুরি প্রতিরোধের দাবিতে শনিবার ভুক্তভোগী এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী, খৈলসিন্দুর, হালুয়াপাড়া, দেউলীপাড়া এবং উত্তর রোয়াইলের ভুক্তভোগী ২২ পরিবারের সদস্যসহ শতাধিক এলাকাবাসী এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পড়েন উয়ার্শী গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শরীফুল ইসলাম খান মিনার। এ সময় উপস্থিত ছিলেন উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খান ছিটু, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরহাদ আলী খান শাহিন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত দুই বছরে উয়ার্শী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২২ পরিবারের ৪৫টি গরু চুরি হয়েছে।  মির্জাপুর থানার ওসি মো. রিজাউল হক দিপু বলেন, ঐসব এলাকায় আর যাতে গরু চুরি না হয় সেজন্য পুলিশের বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করে তাদের লাঠি, বাঁশি ও টর্চলাইট সরবরাহ করা হবে। এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।