সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়ায় আলমাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার হাদল এলাকার পারঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে ফরিদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠায়। নিহত আলমাস উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেরখাদা গ্রামের আবু হোসেনের ছেলে। সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, আলমাস চাঞ্চল্যকর দুইটি হত্যা মামলার আসামি। সে চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিল। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সংঘর্ষে দুজনের মৃত্যু
সাঁথিয়ার নাড়িয়াগদাই বাজারে শনিবার সকালে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মুন্নাফ (৪২) ও নাছির (৩৫)। সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, নাড়িয়াগদাই বাজারে একটি জমির ওপর ঘর তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
