তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ সদর বাজার এখন সব ধরনের শীতের সবজিতে ভরপুর। কোনো কিছুর যেন কমতি নেই। দিন দিন সরবরাহ বাড়ছে। ফলে দামও অনেক কমেছে। নতুন আলু, টম্যাটো ও শিমের সরবরাহ বাড়ায় ১৫ থেকে ২৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দাম কমে আসায় কিছুটা স্বস্তি এসেছে। বেশির ভাগ সবজি এখন ২৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজের দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। বিক্রেতা এনামুল, সাদেকুল, ফুলবাবুসহ কয়েক জন বলেন, দিন দিন সবজির সরবরাহ বাড়ছে। সামনে দাম আরো কমবে। শনিবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমে প্রতি কেজি আলু ২০ টাকায়, গাজর ২৫ টাকায়, শিম ২৫ টাকায়, বেগুন ১৫ টাকায়, করলা ৩০ টাকায়, পেঁয়াজ ৩৫ টাকায়, কাঁচামরিচ ৭০ টাকায়, পাতাকপি ও ফুলকপি বড় সাইজ প্রতি পিস ১০ টাকায় ও লাউ প্রতি পিস ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।
